ছাতকে পিডিবিএফ-এর নারী নেত্রীদের সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু
সুনামগঞ্জের ছাতকে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে নারী নেত্রীদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে ‘নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন’ শীর্ষক এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায় পিডিবিএফ কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পিডিবিএফ ছাতকের সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা অনেক সহজ, কারণ নারীরা প্রাকৃতিকভাবেই সঞ্চয়ী ও মিতব্যয়ী হন। তিনি আরও উল্লেখ করেন, নেতৃত্ব কেবল রাজনীতির মাঠে নয়, বরং পরিবার ও সমাজ গঠনেও নারীদের বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন; আর পিডিবিএফ-এর লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে জানলে সমাজে নারীরা তাদের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দোয়ারাবাজার উপজেলা পিডিবিএফ সহকারী পরিচালক নূরুল ইসলাম এবং ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী নেত্রীদের নেতৃত্ব প্রদান, সঞ্চয় বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ছাতকের গ্রামীণ নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন আরও বেগবান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সভায় পিডিবিএফ-এর বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী ও সুফলভোগী নারী সদস্যরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে। বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমিতিগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, তৃণমূল পর্যায়ে দক্ষ নারী নেতৃত্ব তৈরি হলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
এ রহমান
মন্তব্য করুন: