সুনামগঞ্জে হাওরের বাঁধের মাটিচাপায় কৃষকের মৃত্যু
Led Bottom Ad

সুনামগঞ্জে হাওরের বাঁধের মাটিচাপায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৪/২০২৬ ১৬:০৪:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগরে গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী ফসল রক্ষা বাঁধের মাটি সরাতে গিয়ে আরমান (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা কয়েক দিনের ভারী বর্ষণে রূপেশ্বর হাওরের বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আটকে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা প্রশাসনের অনুমতি ছাড়াই গুরমার হাওরের শৌলডুয়ারী বাঁধের একটি অংশ কেটে দেন। কিন্তু প্রবল স্রোতে কাটা অংশের পাড় ধসে পড়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে রোববার সকালে আরমানসহ কয়েকজন কৃষক সেখানে পুনরায় মাটি সরানোর কাজ শুরু করেন। কাজ চলাকালীন দুপুরের দিকে হঠাৎ বাঁধের ওপরের পাড় ধসে পড়লে আরমান মাটির নিচে চাপা পড়েন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা দ্রুত সরে যেতে পারলেও আরমান বের হতে পারেননি। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় আরমানকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয়রা এই বাঁধটি কেটেছিলেন। মাটিচাপায় যুবকের মৃত্যুর এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad