আতঙ্কে এলাকাবাসী
বোগলা স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারগ্রাউন্ডে মাদক ও জুয়ার আসর
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন জনসেবার বদলে অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। কেন্দ্রটির আন্ডারগ্রাউন্ডে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের নিচতলায় ব্যবহৃত সিরিঞ্জ, মাদকের সরঞ্জাম ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, জনশূন্যতার সুযোগ নিয়ে রাত নামলেই সেখানে জুয়াড়ি ও মাদকসেবীদের ভিড় জমে। বোগলা ইউনিয়নের সচেতন নাগরিক ফারুক মিয়াসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত এই চক্রকে আইনের আওতায় না আনলে এলাকার পরিবেশ ভয়াবহ হয়ে উঠবে।
বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খান বিষয়টি আগে জানতেন না বলে দাবি করেছেন। অন্যদিকে, স্থানীয় ছাত্রদল নেতা নাজমুল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
দোয়ারাবাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খান জানান, জনবল সংকটের কারণে কেন্দ্রটি অরক্ষিত হয়ে পড়ায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: