শাল্লায় ১৪৪ ধারা উপেক্ষা করে বাঁধে কাজের অভিযোগ, তদন্তের আশ্বাস
শাল্লা উপজেলায় দাড়াইন নদীর তীরবর্তী হাওর রক্ষা স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক কাজ চালানোর অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।
অভিযোগকারী ও জায়গার মালিক পিকলু তালুকদার বলেন, তার রেকর্ডীয় জমি নিয়ে বিরোধের পর আদালত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেন। একই সঙ্গে থানা প্রশাসন উভয় পক্ষকে ওই স্থানে কোনো ধরনের কাজ না করতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেয়।
তার অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আঁধারে জোরপূর্বক কাজ চালিয়েছে। এ সময় ভয়ভীতি দেখানো হয় বলেও তিনি দাবি করেন। অভিযোগের সমর্থনে একটি ভিডিও রেকর্ডও রয়েছে বলে জানান তিনি।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী আফজাল মিয়া বলেন, মূলত রক্ষিত মালামাল সরানোর জন্য রাতের বেলা কাজ করা হয়েছে। তার দাবি, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো নির্মাণকাজ করা হয়নি।
অন্যদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শাল্লা কার্যালয়ের সেকশন কর্মকর্তা ওবায়দুল হক দাবি করেন, আদালতের নির্দেশনার পর কোনো কাজ হয়নি এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আদালতের ১৪৪ ধারা জারি থাকায় ওই এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা কাজ করা যাবে না। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এদিকে পাউবো সুনামগঞ্জ (পওর-২) নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, ঠিকাদারকে আদালতের নির্দেশনা মেনে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং অনুমতি ছাড়া কোনো মালামাল সরানোও যাবে না।
স্থানীয়দের অভিযোগ ও পাল্টা বক্তব্যের মধ্যে প্রকল্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: