বিশ্বম্ভরপুরে ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজার থেকে রাবার ব্রিজ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উঁচু ও পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রবিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় রাবার ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১নং ওয়ার্ডের ভাদেরটেক বাজার থেকে রাবার ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কাঁচা রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টিতেই এটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন।
মোঃ বাছির মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে সঞ্চালনা করেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রাকিব মিয়া। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মিজান মিয়া, মোরছালিম মিয়া, খোকন মিয়া,জহুর মিয়া, ছামাদ আলী, হক মিয়া, নয়ন, জাহিদুল ও মাইনউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে মোঃ বাছির মিয়া বলেন, "আমাদের এই ১ কিলোমিটার রাস্তার জন্য পুরো এলাকার উন্নয়ন থমকে আছে। বর্ষা মৌসুমে এলাকাটি বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি উঁচু করে পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হোক।"
সঞ্চালক ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রাকিব মিয়া তার বক্তব্যে বলেন, "জনগণের দুর্ভোগ লাঘবে এই রাস্তাটি পাকাকরণ এখন সময়ের দাবি। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।"
এ রহমান
মন্তব্য করুন: