মধ্যনগরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের সদস্যরা। গত রবিবার (১২ এপ্রিল) ইউনিয়নের ৭ জন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়।
লিখিত অভিযোগে সদস্যরা দাবি করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতি, গুটিকয়েক সদস্যের সঙ্গে যোগসাজশে সিদ্ধান্ত গ্রহণ এবং বরাদ্দের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মে লিপ্ত রয়েছেন। তাঁর অসহযোগিতামূলক আচরণের কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। বর্তমানে ১১ জন সদস্য নিয়ে পরিচালিত এই পরিষদের ৭ জন সদস্যই এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। অনাস্থা প্রদানকারী সদস্যরা হলেন— মো. আমানুল্লাহ, মমতা বেগম, রাজিয়া খাতুন, শামছুন্নাহার, মো. নুরুজ্জামান সিদ্দিকী, আবুল কাশেম ও আব্দুস সামাদ আজাদ।
ইউপি সদস্য মো. আমানুল্লাহ অভিযোগ করে বলেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈষম্যমূলক আচরণ করছেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের তোয়াক্কা না করে নামে-বেনামে প্রকল্প দেখিয়ে তিনি সরকারি অর্থ আত্মসাৎ করছেন। পরিষদের শৃঙ্খলা ফেরাতেই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।" এর আগে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে পরিষদ কমপ্লেক্সে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।
অভিযোগের বিষয়ে জানতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ অনাস্থা প্রস্তাবের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: