সুনামগঞ্জে গবেষণামূলক গ্রন্থ ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’-এর মোড়ক উন্মোচন
Led Bottom Ad

সুনামগঞ্জে গবেষণামূলক গ্রন্থ ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’-এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৪/২০২৬ ১৩:০১:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিলুপ্তপ্রায় ইতিহাস, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য দলিল হিসেবে আত্মপ্রকাশ করল বীর মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদার রচিত গবেষণামূলক গ্রন্থ ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্স মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাবু পরিমল কান্তি দে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বাবু বিজন সেন রায় এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান। বক্তারা একজন মুক্তিযোদ্ধার এই নিরলস সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমান প্রজন্মের কাছে হাওরাঞ্চলের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এ ধরনের গ্রন্থের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন, "সুনামগঞ্জ কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়; এটি প্রাচীন লাউড় রাজ্যের শৌর্য এবং হাসন রাজা ও রাধারমণ দত্তের মতো মরমি সাধকদের চারণভূমি। বিনোদ রঞ্জন তালুকদার তাঁর ক্ষুরধার লেখনীতে এই জনপদের যে চিত্র এঁকেছেন, তা আমাদের রত্নগর্ভা ভাটি বাংলাকে বিশ্বদরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে।" গ্রন্থটিতে লেখক তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে হাওরবেষ্টিত মানুষের জীবনসংগ্রাম, বৈচিত্র্যময় জীবনধারা এবং প্রাচীন লোকজ সংস্কৃতির বিবর্তন অত্যন্ত সহজবোধ্য ভাষায় তুলে ধরেছেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উসমান গণী এবং গীতা পাঠ করেন প্রভাত রঞ্জন তালুকদার। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রসিদ, রিয়াজ উদ্দিন, আব্দুল কাদির সরকার, আসাদ উল্লাহ সরকার, মুজিবুর রহমানসহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচকরা আশা প্রকাশ করেন, এই গ্রন্থটি কেবল পাঠকদের আনন্দ দেবে না, বরং ভবিষ্যতে হাওর নিয়ে কাজ করা গবেষকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে কাজ করবে।


প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad