দোয়ারাবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনে নববর্ষ বরণ
Led Bottom Ad

দোয়ারাবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনে নববর্ষ বরণ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৪/০৪/২০২৬ ২০:০৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল নামে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি উপজেলা সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও দোয়ারাবাজার থানা এলাকা প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাকে অংশ নিয়ে নতুন বছরকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে উপজেলা হাসপাতালে রোগীদের মাঝে ঐতিহ্যবাহী খাবার বিতরণ এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সর্বসাধারণের বিনোদনের জন্য দোয়ারাবাজার শিশুপার্কটি দিনভর উন্মুক্ত রাখা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, উৎসবকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ উৎসবের মধ্য দিয়ে বাঙালির মাঝে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়বে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad