অবৈধভাবে বালু উত্তোলন
সুনামগঞ্জে বালুর নিচে চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুর নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার লাউড়েরগড় ডালারপাড় সংলগ্ন জামালের চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম শাহ আলম (১৫)। সে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং স্থানীয় মিয়ারচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। নববর্ষের সকালে এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে যাদুকাটা নদীর জামালের চর এলাকায় ৮-১০টি নৌকা নিয়ে শতাধিক শ্রমিক অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিলেন। বর্তমানে স্কুল বন্ধ থাকায় শাহ আলম তার বড় ভাই ও চাচাদের সাথে কাজে যোগ দিয়েছিল। বালু উত্তোলনের একপর্যায়ে হঠাৎ করে নদীর পাড় ধসে পড়লে শাহ আলমসহ চারজন বালুর নিচে চাপা পড়েন। এসময় অন্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুর নিচে চাপা পড়ে এক স্কুলছাত্র নিহতের খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় যাদুকাটা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রায়ই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।
এ রহমান
মন্তব্য করুন: