সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু হতে যাচ্ছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষাদানের মানোন্নয়নে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক কর্মরত আছেন। চলমান 'চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি'র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সংসদকে আশ্বস্ত করে তারেক রহমান আরও বলেন, আগামী পহেলা জুলাই থেকে নতুন কর্মসূচি শুরু হওয়ার পর পর্যায়ক্রমে অবশিষ্ট সকল শিক্ষককে ইংরেজি বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। শিক্ষার আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে এই কর্মসূচি বড় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন। শিক্ষা খাতের এই নতুন উন্নয়ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণায় সংসদ সদস্যরা ইতিবাচক সাড়া দেন।
এ রহমান
মন্তব্য করুন: