যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতার সংবাদ সম্মেলন
শাল্লায় পাওনা টাকা চাওয়ায় মিথ্যা সংবাদের অভিযোগ
সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা বাঁধের প্রকল্প (পিআইসি) পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এবং পাওনা টাকা চাওয়ায় উল্টো মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন।
সংবাদ সম্মেলনে রাকিব মিয়া অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের সাংবাদিক প্রতিনিধি হওয়ার সুবাদে পাবেল আহমেদ নামে এক ব্যক্তি বরাম হাওরের ৩৩ ও ১৮ নম্বর প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু প্রকল্পের চূড়ান্ত তালিকায় নাম না থাকায় টাকা ফেরত চাইলে পাবেল আত্মগোপন করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। আজ সকালে পাবেলের দেখা পেয়ে পাওনা টাকার বিষয়ে মৌখিক কথা বললে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিষয়টিকে ‘তিলকে তাল’ বানিয়ে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরো দাবি করেন, সেখানে উপস্থিত ফখরুল মিয়া, ইউপি সদস্য হারুন মিয়া ও সাংবাদিক দিলোয়ার হোসেনের সামনে শুধু মৌখিক কথোপকথন হয়েছে। কোনো প্রকার মারামারির ঘটনা ঘটেনি।
সম্মেলনে স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত না থেকেও তাঁকে ও তাঁর সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে; মূলত পাওনা টাকা না দেওয়ার ফন্দি হিসেবেই পাবেল আহমেদ এই অপপ্রচার চালাচ্ছেন। ইতিপূর্বেও পাবেল সাংবাদিক বাদল দাসকে হয়রানি করে কমিটিতে ঢুকে দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
পি ডি
মন্তব্য করুন: