তাহিরপুরে মেঘালয় সীমান্তে কয়লা তুলতে গিয়ে শ্রমিক নিহত
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা উত্তোলনের সময় মেঘালয় পাহাড়ে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৩৫)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার বালিয়াঘাট সীমান্তের ৯৬/৭-এস পিলার এলাকা দিয়ে মজিবুরসহ কয়েকজন শ্রমিক অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের নকলা এলাকায় প্রবেশ করেন। সেখানে তাঁরা গর্ত করে কয়লা উত্তোলনের কাজ করছিলেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কয়লা উত্তোলনের সময় গর্তের ওপরের অংশ হঠাৎ ধসে পড়ে। এতে অন্য শ্রমিকরা বের হতে পারলেও মজিবুর রহমান গর্তে আটকা পড়েন। পরে তাঁর সঙ্গীরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পরে মরদেহটি বাংলাদেশে এনে তাহিরপুর উপজেলার লালঘাট এলাকায় তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খবর পেয়ে তাহিরপুর থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লা উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: