‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এক ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক মুহূর্তের সৃষ্টি হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বারবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক সাফল্যের প্রশংসা করায় স্বয়ং প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম’। প্রধানমন্ত্রীর এই সোজাসাপ্টা মন্তব্যে মিলনায়তনজুড়ে উপস্থিত চিকিৎসকদের মাঝে করতালির রোল পড়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী হাসিমুখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রশংসা করি নাই, যতটুকু আপনি বলতেছেন সামান্য বলেছি’।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য খাতে শুদ্ধি অভিযান এবং ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, সরকার প্রধানের কঠোর অবস্থানের কারণে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে বড় পরিবর্তন আসছে। তিনি প্রধানমন্ত্রীকে ‘এযাবতকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক’ এবং ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ জন মানুষের একজন’ হিসেবে অভিহিত করেন। মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ের চিকিৎসকরাই দেশের স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি, তাই তাঁদের কাজের পরিবেশ ও সমন্বয় বাড়াতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তৃতার শেষে উপস্থিত সকলকে মানবসেবাকে পরম ধর্ম মেনে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার এবং জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ রহমান
মন্তব্য করুন: