পাচার ও অপচয় রোধেই তেলের দাম বৃদ্ধি, সংকট নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের পক্ষ থেকে তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনগণের সুবিধার্থে একটি সহনীয় মাত্রা পর্যন্ত জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, "জাতীয় অর্থনীতি যখন আর চাপ সইতে পারছিল না, তখনই আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি। জ্বালানির দাম কম থাকলে তা পাচার হওয়ার প্রবণতা থাকে; সেই পাচার বন্ধ করতেই এই কঠোর সিদ্ধান্ত।" স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন যে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইতোমধ্যেই পরিসংখ্যান দিয়ে পরিষ্কার করেছেন যে দেশে তেলের কোনো ঘাটতি নেই।
বিরোধীদলের মুলতবি প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, এই সেশনে ইতোমধ্যেই দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা সংসদীয় ইতিহাসে বিরল। ঘনঘন এ ধরনের প্রস্তাব গ্রহণ করলে তা ভবিষ্যতে নেতিবাচক প্রথা তৈরি করবে। সংসদ মুলতবি না করে বরং ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য বিরোধীদলীয় নেতাকে সুযোগ দেওয়ার জন্য তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের এই পদক্ষেপের ফলে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ফিরে আসবে।
এ রহমান
মন্তব্য করুন: