২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: রুটিন প্রকাশ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষাগুলো চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।
রুটিন অনুযায়ী, ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আবশ্যিক বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষাগুলো দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার জন্য কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, বহুনির্বাচনী (এমসিকিউ) এবং সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সিকিউ পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ’র জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সিকিউ’র জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর বা স্মার্টফোন সঙ্গে রাখতে পারবেন না। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। বিশেষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: