মন্ত্রিসভার অনুমোদন
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল
বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৩ সালের সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি সংক্রান্ত আদেশ অনুযায়ী তাঁরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এর পাশাপাশি জনবল নিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করার লক্ষে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী রাজউকের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত প্রকল্পের অংশটুকুকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে মিল রেখে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখও পরিবর্তন করা হয়েছে; এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে।
এ রহমান
মন্তব্য করুন: