সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
‘পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার’
পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জাতীয় সংসদকে অবহিত করেছেন।
আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সম্প্রতি কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘জ্বালানি তেলের সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে—পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড—তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি সংশ্লিষ্টদের পরিষ্কার করে দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সিদ্ধান্তের ফলে টহল বা জরুরি সেবা কার্যক্রমে আর কোনো সমস্যা হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।
এ রহমান
মন্তব্য করুন: