সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান
‘বাকস্বাধীনতার নামে ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা গ্রহণযোগ্য নয়’
বাকস্বাধীনতার নামে কারও পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান। তিনি বলেন, “সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু ব্যক্তিগত কুৎসা রটানো ও অশালীন বক্তব্য কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না।”
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রতিমন্ত্রী বিগত ১৮ মাসের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যারা একসময় ক্ষমতার কাছাকাছি থেকে অনৈতিক সুবিধা ভোগ করতেন, এখন সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। তিনি মন্তব্য করেন, “আরামের দিন শেষ হওয়ায় সুবিধাভোগী মহলে অস্বস্তি ও অস্থিরতা বাড়ছে।”
প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, আগে যারা সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ে অবাধে প্রবেশাধিকার পেতেন, বর্তমানে সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিরোধী শিবির সংসদসহ বিভিন্ন স্থানে অস্থির আচরণ করছে। জুলাই অভ্যুত্থানের শহিদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনা করে তিনি বলেন, সরকারি গেজেটে যেখানে ৮৪৪ জন শহিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে, সেখানে ভিন্ন ভিন্ন সংখ্যা উল্লেখ করা ‘ইতিহাস বিকৃতির চেষ্টা’ ছাড়া আর কিছু নয়।
বক্তব্যের শুরুতে তিনি তাঁর নির্বাচনী এলাকা বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে বিরোধী দলকে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, দেশ এখন অতীতের অস্থিরতা কাটিয়ে সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: