দেশের ১৩ জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
দেশের ১৩টি জেলার ওপর দিয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার কিছু কিছু স্থানে সকাল ১১টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এই জেলাগুলোতে ঝড়ের পাশাপাশি একাধিকবার শক্তিশালী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের অন্য একটি পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। স্থানীয় বাসিন্দাদের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: