‘যেখানে ময়লা ফেলবেন, নিজ হাতেই তা তুলতে হবে’

সুনামগঞ্জে জেলা প্রশাসকের কড়া হুঁশিয়ারি

‘যেখানে ময়লা ফেলবেন, নিজ হাতেই তা তুলতে হবে’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৯/২০২৬ ১৯:২৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ শহরের সুরমা নদীর ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা আপনাদের কারও বাপ-দাদার জায়গা নাকি? এটা কি আপনার বাপ-দাদা কিনে নিয়ে এসেছে? এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সুতরাং যেখানে আপনি ময়লা ফেলবেন, নিজেকেই তা তুলতে হবে।”

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ এবং শহর পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

উন্নত দেশের উদাহরণ টেনে জেলা প্রশাসক বলেন, উন্নত বিশ্বে যে ময়লা ফেলে, তাকেই ডেকে এনে সেই ময়লা পরিষ্কার করানো হয়। আমাদের দেশেও যত্রতত্র থুতু বা পানের পিক ফেলা বন্ধ করতে হবে। এই পরিচ্ছন্নতা অভিযান মানুষের সার্বিক কল্যাণের জন্যই করা হচ্ছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, এখন থেকে পানের থুতু ফেলার আগেও সাধারণ মানুষকে দুইবার ভাবতে হবে। একই সঙ্গে কেউ ময়লা ফেললে সবাইকে নৈতিকতা ও দায়িত্ববোধের জায়গা থেকে বাধা দেওয়ার আহ্বান জানান তিনি, না হলে এই অভ্যাস বন্ধ করা সম্ভব হবে না।

একটি জীবাণুমুক্ত, পরিচ্ছন্ন সমাজ এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা ও এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার, সুরমা নদীর চাঁদনী ঘাট ও কামারখাল এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, নদীর পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ এবং ফগার মেশিন দিয়ে কার্যকর মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান এবং জেলা বিএনপি নেতা পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট দলের নেতৃবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরাও এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad