যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান
‘রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না’
রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রশ্রয় না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী বলেন, “কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি আরও জানান, সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বেকার যুবকদের কর্মসংস্থানের মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলোতে বাধা সৃষ্টির উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করা মেনে নেয় না। চব্বিশের আগস্টের ৫ তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ ভাগ্য নিয়ে খেলতে চাইলে একইভাবে জবাব পাবে।” তিনি ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশ গড়ার কাজে লাগানোর শপথ নেওয়ার আহ্বান জানান। সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, “তারা পারলে আমরা কেন পারব না? ইনশাল্লাহ আমরাও পারব।”
উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি মেয়েদের পড়ালেখা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করব। পাশাপাশি ভালো ফলাফল করা ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।” খাল খনন প্রসঙ্গে তিনি বলেন, “উলসী খালের এই ৪ কিলোমিটার পুনঃখনন করা হলে ২০ হাজার কৃষক উপকৃত হবে এবং বাড়তি ১৪০০ টন খাদ্যশস্য উৎপাদিত হবে। খাল খনন শেষে এর দু’পাশে ৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।”
এর আগে সকাল ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শার্শায় তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে এই খালটি খনন করেছিলেন। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে ও বৃক্ষ রোপণের মাধ্যমে কাজের সূচনা করেন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: