মহান ‘মে দিবস’ আজ
শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘মহান মে দিবস’। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে জীবন উৎসর্গকারী শ্রমিকদের স্মরণে প্রতি বছর ১ মে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
অন্যদিকে, মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় ও শ্রমিক নেতারা অংশ নেবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, এই সমাবেশে লক্ষাধিক শ্রমজীবী মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।
মে দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল কারিগর। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।” বাণীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিকবান্ধব পদক্ষেপগুলোর কথা স্মরণ করে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির ওপর আলোকপাত করেন।
উল্লেখ্য, বিশ্বের ৮০টির বেশি দেশে আজকের দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও সংবাদপত্রগুলো মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান ও প্রতিবেদন প্রকাশ করছে।
এ রহমান
মন্তব্য করুন: