পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী
এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। আজ শনিবার (৯ মে), স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজদণ্ড হাতে নিতে যাচ্ছে, যা তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটালো।
এর আগে শুক্রবার বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৮টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যেখানে শুভেন্দু অধিকারী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ‘নিরাপদ আসন’ হিসেবে পরিচিত ভবানীপুরে ১৫,১১৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
শুভেন্দু অধিকারীর এই রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সশরীরে উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপি শাসিত ১৬টি রাজ্যসহ ভারতের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কলকাতায় পৌঁছেছেন। পারিবারিক পরিসরেও আজ বইছে আনন্দের জোয়ার। ছেলের এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন বাবা শিশির অধিকারী, ভাই বিধায়ক দিব্যেন্দু অধিকারী এবং ছোট ভাই সাংসদ সৌমেন্দু অধিকারী। তবে শারীরিক অসুস্থতার কারণে মা গায়ত্রী অধিকারী আসতে না পারলেও শুভেন্দুর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতাজুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ৩৫টি সেক্টরে ভাগ করে প্রায় ৪ হাজার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে হাজার হাজার বিজেপি সমর্থক বাসে ও ছোট যানবাহনে চড়ে ধর্মতলা ও ময়দান চত্বরে জড়ো হতে শুরু করেছেন। ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন নিয়ে শুরু হতে যাওয়া এই নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো কলকাতায় এখন সাজ সাজ রব।
এ রহমান
মন্তব্য করুন: