রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্কুলছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে, দ্রুত আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে; তবে আদালত কী শাস্তি দেবেন, সে সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিটি ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও তদন্ত নিশ্চিত করা হচ্ছে। আলোচিত রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সোহেলকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে এবং আসামি ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে; তাই যত দ্রুত সম্ভব আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার সদিচ্ছার কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো নৃশংস অপরাধ উপেক্ষা করা হয়নি কিংবা আসামি গ্রেফতারে কোনো ধরনের বিলম্ব হয়নি।’
এ রহমান
মন্তব্য করুন: