রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু রামিসার পরিবারের খোঁজ নিতে এবং শোকার্ত বাবা-মাতাকে সান্ত্বনা দিতে তাদের পল্লবীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে নিহতের বাসায় যান এবং রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন; এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর অসহায় এই দম্পতি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে রামিসার বাবা প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা এখানে নোংরা পরিবেশে আছি বলেই আজ আমার মেয়েকে হারিয়েছি, এখন একটা ভালো পরিবেশে থেকে বড় মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই’; জবাবে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘ঠিক আছে, আপনাদের একটা ভালো পরিবেশে থাকার বিষয়টি আমি নিজে দেখব।’ এ সময় প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে সব ধরনের আর্থিক ও সামাজিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন এবং নিহতের বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ সামগ্রিক ভবিষ্যতের দায়িত্বভার নিজে গ্রহণ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিহতের পরিবারকে পুনরায় আশ্বস্ত করে বলেন, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটি দেখছে এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত চার্জশিট দাখিল করে যাতে খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করা যায়, সরকার সে বিষয়ে পুরোপুরি সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শরীরের মাথা আলাদা করা অবস্থায় সাত বছর বয়সী শিশু রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: