সুনামগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকাসহ আটক ১
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ট্রাকভর্তি বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরা ও ফুচকাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আজ সোমবার (২৫ মে) ভোর ৬টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েজখালি পয়েন্টে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম সোহাগ (২৬)। তিনি কুমিল্লার দাউদকান্দি এলাকার কামাল হোসেনের ছেলে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ফুচকা: ৫ টন (ট্রাকভর্তি) ভারতীয় জিরা: ২১০ কেজি ও পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক।
এদিকে ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় চোরাই পণ্যের একটি বড় চালান ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলীর নির্দেশনায় এসআই সাব্বির আহমেদ, এসআই মাহমুদুল হক, এসআই খাদেম ও এসআই রাশেদসহ ডিবি পুলিশের একটি বিশেষ দল ওয়েজখালি পয়েন্টে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালালে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তি, ট্রাক এবং জব্দকৃত পণ্য জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ ডিবি পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আনার দায়ে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হবে। চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এল আর রাজু/ ডি আর ডি
মন্তব্য করুন: