শাবিপ্রবির পরিবহন পুলে তিন ট্রিপ বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবিপ্রবির পরিবহন পুলে তিন ট্রিপ বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি

০৮/০৬/২০২৬ ১৮:৫০:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে দুই মাস ধরে বন্ধ রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলের বাসের তিনটি ট্রিপ। বন্ধ থাকা ট্রিপগুলো হলো—বিকেল ৫টা ১০ মিনিট, রাত ৭টা ১০ মিনিট ও রাত ৮টা। দীর্ঘদিন ধরে এই ট্রিপগুলো চালু না করায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।


গত রোববার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর বাসের রুট ও ট্রিপের নতুন সময়সূচি প্রকাশ করেছে। নতুন এই তফসিলেও বন্ধ থাকা ওই তিনটি ট্রিপ চালু করা হয়নি। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে ট্রিপগুলো বন্ধ রাখা হয়েছিল।


পরিবহন দপ্তরের পূর্বের সময়সূচি অনুযায়ী, সরকারি নির্দেশনার আগে শাবিপ্রবিতে দিনে মোট সাতটি ট্রিপের মাধ্যমে বাসগুলো ক্যাম্পাস থেকে সিলেট শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করত। এর মধ্যে ছিল সকাল ৭টা ৪৫ মিনিট ও ৮টা ৫০ মিনিট, বেলা ১টা ১০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট ও ৫টা ১৫ মিনিট, রাত ৭টা ১০ মিনিট ও রাত ৮টা।


তবে গত এপ্রিল মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরই বিকেল ৪টা ১০ মিনিটের পরের বাসের ট্রিপগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


এদিকে নতুন সময়সূচিতেও বন্ধ থাকা ট্রিপগুলো চালু না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে মো. সাব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী লিখেছেন, “জ্বালানি সংকটের অজুহাতে কি সব দায় সেরে ফেলবেন? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিকেল ৫টা ১০ এবং সন্ধ্যা ৭টা ১০-এর বাসগুলো এখনো বন্ধ। অর্ধেকের বেশি শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাইরে থাকে, তাদের কি ক্যাম্পাসের সঙ্গে কোনো সম্পর্ক রাখার অধিকার নেই?” অনেকেই বলছেন, সন্ধ্যার পর বাস না থাকায় টিউশনি করা ও ল্যাবের কাজ শেষ করে শহরে ফিরতে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া সোমবার (৮ জুন) প্রথম সিলেটকে বলেন, “জ্বালানি সংকটের প্রজ্ঞাপনের পর তৎকালীন উপাচার্য আমাদের ডেকে সভা করে বলেছিলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থাকা সময়সূচি মানতে। বিষয়টি নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে বর্তমান উপাচার্য আমাদের জানিয়েছেন। ফলে বাসগুলো চালু করা সম্ভব হয়নি।”


ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যদি নতুন নির্দেশনা আসে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনার বাইরে গিয়ে ট্রিপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পরিবহন দপ্তরের কোনো সমস্যা নেই।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: