সিলেটের ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু, নিখোঁজ ১
সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার গয়াসি হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামালপুর গ্রামের ছাবির মিয়া ও হামিদ মিয়া। আর নিখোঁজ রয়েছেন একই এলাকার কাবির মিয়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গয়াসি হাওরে নৌকায় করে মাছ ধরছিলেন তারা। এ সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ তীব্র বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং একজন পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম প্রথম সিলেটকে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে সন্ধান চালিয়ে যাচ্ছেন।
তাহির আহমদ/ সজল আহমদ
মন্তব্য করুন: