মালয়েশিয়া সফর দিয়ে বিদেশ সফর শুরু প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া সফর দিয়ে বিদেশ সফর শুরু প্রধানমন্ত্রীর

প্রথম ডেস্ক

২১/০৬/২০২৬ ০৩:২৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে আগামীকাল সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে বলে জানানো হয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনে যাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম জানান, এই সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ সময় দীর্ঘদিন আলোচনাধীন তিস্তা প্রকল্প নিয়েও অগ্রগতি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

চীন সফরের অংশ হিসেবে আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এরপর ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া, লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন (সামার দাভোস ফোরাম)-এ অংশ নেবেন তিনি। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন, যেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

মালয়েশিয়া পর্বে বাণিজ্য, শ্রমবাজার ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলে থাকছেন তুলনামূলক ছোট আকারে ২৭ থেকে ২৮ জন সদস্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহিদুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: