মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে দুই দিনের সরকারি সফর শেষ করে একই দিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা দেন তিনি। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার এই যাত্রা সম্পন্ন হয়।
চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মালয়েশিয়া থেকে দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করার পর সেখানে দুই দিন কর্মব্যস্ত সময়সূচি পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তাঁর রাষ্ট্রীয় সফরের মূল আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।
দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
সজল আহমেদ
মন্তব্য করুন: