ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

বিদায়ী ডিজিকে সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

প্রথম ডেস্ক

৩০/০৬/২০২৬ ২৩:২৯:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের প্রখ্যাত আলেম ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মঙ্গলবার বিকেলে তিনি প্রতিষ্ঠানটির নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়।


দায়িত্ব গ্রহণের পর রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মহাপরিচালক। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করা হয়। একইসঙ্গে বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) ও সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানকে সংবর্ধনা জানানো হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নতুন দায়িত্বে আস্থার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।


তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, গবেষক ও ধর্মপ্রাণ মানুষের সক্রিয় অংশগ্রহণে একটি আধুনিক, দক্ষ, সেবাভিত্তিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


মহাপরিচালক আরও বলেন, প্রতিষ্ঠানকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, পরিচ্ছন্ন পরিবেশ এবং সরকারি বিধি-বিধানের যথাযথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পারস্পরিক সহযোগিতা ও নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে সাধারণ মানুষের আস্থা ও সেবার আরও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক আ. ছালাম খান বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।


সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পরিচিতি সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: