সাত মাস পর নতুন পোশাকে দায়িত্ব শুরু পুলিশের

সাত মাস পর নতুন পোশাকে দায়িত্ব শুরু পুলিশের

প্রথম ডেস্ক

০২/০৭/২০২৬ ০৫:৫৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বুধবার থেকে বাহিনীর সদস্যরা নতুন নির্ধারিত পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ধাপে ধাপে দেশের সব ইউনিটে নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে।


নতুন পোশাক চালুর প্রথম দিনে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নতুন ইউনিফর্মে দেখা যায়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরে অনুষ্ঠানে অংশ নেন। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)কেও খাকি ট্রাউজারে দেখা গেছে।


পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বুধবার থেকেই নতুন পোশাক পরা শুরু হলেও এখনো সব সদস্যের হাতে ইউনিফর্ম পৌঁছায়নি। পর্যায়ক্রমে দেশের সব ইউনিটে নতুন পোশাক বিতরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।


নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মহানগর পুলিশের সদস্যরা পরবেন হালকা জলপাই (লাইট অলিভ) রঙের শার্ট ও খাকি ট্রাউজার। জেলা পুলিশ এবং অন্যান্য অধিকাংশ ইউনিটের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল শার্ট ও খাকি ট্রাউজার। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং র‌্যাব আগের ইউনিফর্মেই দায়িত্ব পালন করবে।


শীতকালীন পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। লোহা-ধূসর রঙের পরিবর্তে নীল শার্টের ওপর গাঢ় নীল ফুলহাতা জার্সি বা কার্ডিগান পরার নিয়ম করা হয়েছে।


নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নীতিমালায় কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। তারা চাইলে নির্ধারিত রঙের ব্লাউজের সঙ্গে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন। অনুমোদিত গাঢ় নীল রঙের হিজাব বা মাথার আবরণ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। ট্রাফিক বিভাগে কর্মরত নারী সদস্যরা সারা বছর ফুলহাতা পোশাক পরতে পারবেন। এছাড়া গর্ভাবস্থায় বিশেষ অনুমতি সাপেক্ষে সাধারণ পোশাকে দায়িত্ব পালনের সুযোগ থাকবে।


২০২৪ সালের জুলাই বিপ্লবের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে বাহিনীর ইউনিফর্মে বড় পরিবর্তন আনা হয়েছিল। সে সময় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গত বছরের ২৫ নভেম্বর লোহা-ধূসর (আয়রন গ্রে) শার্ট ও কফি-বাদামি প্যান্ট চালু করা হয়। তবে ওই ইউনিফর্মের রঙ ও ব্যবহারিক দিক নিয়ে মাঠপর্যায়ের সদস্যসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করে। এর ধারাবাহিকতায় ১৮ জুন পুলিশ সদর দপ্তর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে প্রায় ২২ বছর পর পুলিশের ইউনিফর্মে আবারও ফিরে আসে ঐতিহ্যবাহী খাকি রঙ।

সজল আহমেদ

মন্তব্য করুন: