মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়: সচল ছাত্রাবাসের অচলাবস্থা

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়: সচল ছাত্রাবাসের অচলাবস্থা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৫/০৭/২০২৬ ১৮:২৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভবনের ছাদসহ চারপাশ লতাপাতা ও আগাছায় ছেয়ে যাওয়ায় একদিকে যেমন আবাসন পরিবেশ বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে তৈরি হয়েছে নানা দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি।


ভবনের ছাদের সিংহভাগ এলাকাই লতাপাতা এবং বড় বড় আগাছায় ঢেকে গেছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় সেখানে ঘন ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে, যা ভবনের মূল কাঠামোর স্থায়ী ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ছাদের ঝোপঝাড়ের মাঝেই অবস্থান করছে ব্যবহারের জন্য রাখা দুটি প্লাস্টিকের পানির ট্যাংক। চারপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় নিয়মিত এগুলো পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না, যার ফলে ব্যবহার্য পানির গুণগত মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


ভবনের দেয়াল, ছাদের রেলিং এবং মূল বৈদ্যুতিক তারের ওপর দিয়ে বুনো লতা জড়িয়ে গেছে। বৈদ্যুতিক লাইনের ওপর এভাবে গাছপালা ও লতাপাতা জমে থাকায় যেকোনো সময় শর্ট সার্কিট থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে।


বিদ্যালয়ের ছাত্রাবাসের এমন অবিন্যস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল এবং প্রাক্তন শিক্ষার্থীদের মতে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন হলেও এই ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দ্রুত নজর দেওয়া উচিত বলে তারা মনে করেন।


সরেজমিনে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে ভবনটিতে ছাদ ধসে পড়া, অগ্নিকাণ্ড বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।


অবিলম্বে এই ছাত্রাবাস ভবনের সংস্কার, ছাদ ও চারপাশের জঙ্গল পরিষ্কার এবং শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: