সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের বিয়ানীবাজারে বকেয়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ক্রেতার ঘুষিতে আলী হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবিরাই বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি বিবিরাই বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত শাহিনুর রহমান (৩৩) একই গ্রামের ময়না মিয়ার ছেলে এবং পেশায় পাওয়ার ট্রিলারচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে চালক শাহিনুর রহমান ডিজেল কেনার জন্য আলী হোসেনের দোকানে যান। ডিজেল দেওয়ার সময় ব্যবসায়ী আলী হোসেন তাঁর কাছে পূর্বের বকেয়া টাকা দাবি করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিনুর উত্তেজিত হয়ে আলী হোসেনের নাকে সজোরে ঘুষি মারেন। এতে আলী হোসেন তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরই অভিযুক্ত শাহিনুর রহমান এলাকা থেকে পালিয়ে যান।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত শাহিনুরকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আর আর
মন্তব্য করুন: