জৈন্তাপুরে ভাইরাল ভিডিওর তদন্ত শেষ হয়নি: তদন্ত কমিটি

জৈন্তাপুরে ভাইরাল ভিডিওর তদন্ত শেষ হয়নি: তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৪/০৭/২০২৬ ১৫:১৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুই ব্যক্তির কথিত মাদক সেবনের ভিডিও নিয়ে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম এখনও চলমান রয়েছে। তদন্ত শেষ না হলেও চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন মন্তব্য ও প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) তদন্ত কমিটির আহ্বায়ক ও জৈন্তাপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ব্যক্তির মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে থাকা একজনকে জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী বলে প্রচার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কমিটির সদস্যদের মধ্যে ইতিমধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী তদন্ত এগিয়ে চলছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সমন্বিত প্রতিবেদন দাখিল করা হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষ বা তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এবং নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতিরেকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্তের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ও প্রচারণা চালাচ্ছেন, যা অনভিপ্রেত ও দুঃখজনক। এ ধরনের তথ্যহীন ও কাল্পনিক প্রচারণা চলমান তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তদন্ত কমিটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ঘটনার সার্বিক তথ্য ও উপাত্ত বিচার-বিশ্লেষণ শেষে দ্রুততম সময়ের মধ্যে তদন্তের চূড়ান্ত সমন্বিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে জৈন্তাপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করা হয়।

সাইফুল ইসলাম বাবু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad