বিয়ানীবাজারে ব্যবসায়ী আলী হোসেন হত্যাকাণ্ডে প্রধান ২ আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ব্যবসায়ী আলী হোসেন হত্যাকাণ্ডে প্রধান ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

১৫/০৭/২০২৬ ২১:১৯:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী আলী হোসেন (৩৮) হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। 


র‌্যাব-৯ জানায়, গত ১১ জুলাই রাতে বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন। অভিযুক্তরা তার দোকান থেকে নিয়মিত নগদ ও বাকিতে পণ্য কিনতেন। ঘটনার সাত দিন আগে শাহীনুর ইসলাম ৬ হাজার টাকার ডিজেল বাকিতে নেন।


ঘটনার দিন রাতে শাহীনুর ইসলাম আবারও ডিজেল কিনতে দোকানে গেলে আলী হোসেন পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে শাহীনুর ইসলামের সঙ্গে থাকা কয়েকজন আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।


র‌্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) ভোর ৬টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকায় এবং সকাল ৯টায় কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামি-আইনুল ইসলাম (২২) ও শাহীনুর ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়ই বিয়ানীবাজার উপজেলার বিবিরাই গ্রামের মনিয়া মিয়ার ছেলে।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার হত্যা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad