জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে 'প্যারাডাইম শিফট' আসছে
চতুর্থ শিল্পবিপ্লব ও ডিজিটাল অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে ‘প্যারাডাইম শিফট’ বা আমূল পরিবর্তন আনা হচ্ছে। বুধবার (১৫ জুলাই) রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত “ফিউচার-রেডি বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
ড. আমানুল্লাহ বলেন, "বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ শুধু সনদের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বর্তমান বাজার এআই, ডেটা অ্যানালিটিক্স ও ডিজিটাল দক্ষতার ওপর নির্ভরশীল। তাই প্রতিটি শিক্ষার্থী যেন স্নাতক শেষ করার আগেই কোনো প্রায়োগিক বা প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী হতে পারে, সেই লক্ষ্যে পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে।"
তিনি জানান, শিক্ষার্থীদের কর্মমুখী করতে ইংরেজি ও আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং তৃতীয় একটি ভাষা শেখার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া আইটি, কোডিং, এআই লিটারেসি ও সফট স্কিলসকে মূল ধারার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
আইসিটি শিক্ষকের সংকট দূর করতে অন্যান্য বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে ‘মাস্টার ট্রেইনার’ তৈরি করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সাথে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ ও ‘অ্যাপ্রেন্টিসশিপ’ প্রোগ্রাম এবং ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ‘মাইক্রো-ক্রেডেনশিয়াল’ কোর্স চালু করা হচ্ছে।
ডেইলি স্টার ও গ্রামীণফোন আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিন এবং বিশেষ অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আইটি ও শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
রত্না বাউরী
মন্তব্য করুন: