জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরাসহ পিকআপ জব্দ,চালক গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় জিরা বহনকারী একটি নম্বরবিহীন এইচ (H) পিকআপ জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ) বিকেল ৪টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ধামড়ী ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নম্বরবিহীন এইচ পিকআপ তল্লাশি করে কয়েকটি বস্তায় থাকা মোট ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিরাসহ জিরা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক রামিম উদ্দিন (২৩), পিতা- আব্দুল আহাদ, গ্রাম- সোনাতন পঞ্জি, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহমুদুল হাসানসহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা প্রথম সিলেটকে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। তিনি জানান, গ্রেপ্তারকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত পিকআপের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাইফুল ইসলাম বাবু / নীরব চাকলাদার
মন্তব্য করুন: