জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ফ্লাড সেন্টার (বন্যা আশ্রয়কেন্দ্র) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। (২১ জুলাই) মঙ্গলবার সকাল ১১টায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ প্রকল্প পরিচালক মো: কামরুল আহসান,জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ,জেলা ত্রাণ ও পুনাবার্সন কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশাররফ হোসেন, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মুর্তুজা চৌধুরী টিপু, জেলা যুব মজলিস নেতা খাইরুল ইসলাম, সমাজসেবী মাওলানা আব্দুল করিম, ব্যবসায়ী ও সমাজসেবী জুবায়ের আহমদ, ছমরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতী আবুল হাসান বলেন, ফ্লাড সেন্টারটির নির্মাণকাজ শেষ হলে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বারঠাকুরী ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সুবিধা পাবেন। দুর্যোগকালীন সময়ের বাইরে ভবনটি রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের পাঠদানের কাজে ব্যবহৃত হবে।
তিনি বলেন, সরকারের দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত তদারকি এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
মোর্শেদ লস্কর:/ডিডি
মন্তব্য করুন: