কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সিলেটের কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। শুরুতে স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন লবীব আহমদ, রোহান আহমদ, মাহমুদুল রহমান, সেজান আহমদ, জামিল মিয়া, শিহাব আহমদ, আদনান সোহাগ, হুমায়ুন রশীদ হুমন, লিটন মাহমুদ, আল-আমীন সারোয়ার ও রুহেল আহমদসহ অনেকে। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ মান্নান, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুর রহমান, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক আনোয়ার হোসেন সুমন, মুফতি হোসাইন আহমদ এবং সাংবাদিক নাঈম আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধারা, শিক্ষক, চিকিৎসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের যোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
সোহেল রানা /রত্না বাউরী
মন্তব্য করুন: