করোনা আতঙ্কে সিলেট: ১৪ মাস পর একজনের শরীরে করোনা শনাক্ত
সিলেটে হাম ও ডেঙ্গুর প্রকোপের মধ্যেই নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দীর্ঘ ১৪ মাস পর জেলায় এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। ৫৫ বছর বয়সী আক্রান্ত ওই রোগীকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। হৃদ্রোগের চিকিৎসার জন্য তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রাম করার আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হলে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে একটি কেবিনে আইসোলেশনে রাখা হয়।
এর আগে সর্বশেষ গত বছরের ১৫ জুন সিলেটে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
এদিকে সিলেটজুড়ে হাম ও ডেঙ্গুর প্রভাবের মধ্যেই নতুন করে করোনা শনাক্ত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে জেলায় ৮০৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১২২ জন। গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের হাম শনাক্ত হয়েছে।
হামের চিকিৎসার জন্য নির্ধারিত ১০০ শয্যার শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ১৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী থাকায় হাসপাতালে চিকিৎসাসেবায় এমনিতেই তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যে একই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখায় সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অন্যদিকে, স্বাস্থ্য বিভাগের শনিবার পর্যন্ত তথ্যমতে, চলতি বছরে সিলেটে ১২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকেরা জনসমাগম এড়িয়ে চলা, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং ব্যক্তিগত সচেতনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: