বালাগঞ্জে নিজ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে স্থানীয়দের খবরে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। তিনি স্থানীয় মাদ্রাসা বাজারের ‘মেসার্স প্রিয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি পরিবারসহ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর পথচারীরা মেসার্স প্রিয়া ট্রেডার্সের ভেতরে সিলিংয়ের রডের সাথে গামছা পেঁচানো অবস্থায় সিরাজুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে, জুমার নামাজের আগের বা পরের কোনো একসময়ে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আত্মহত্যা করেছেন। নিহতের স্ত্রী রুনা বেগম এবং ছোট ভাই ময়নুল ইসলামসহ পরিবারের সদস্যরাও এটি আত্মহত্যা বলে ধারণা করছেন।
বালাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: