সিলেটে হামে বাড়ছে মৃত্যুর মিছিল

সিলেটে হামে বাড়ছে মৃত্যুর মিছিল

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০৮/২০২৬ ১৭:২৪:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও দীর্ঘ হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে।

শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬ জনে।

বিভাগে নিশ্চিত হাম রোগীর মধ্যে সিলেট জেলায় ৩০৫ জন, হবিগঞ্জে ১৪৮ জন, মৌলভীবাজারে ১৪৬ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত রোগীও রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি রয়েছেন ২৮৪ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন চিকিৎসাধীন। 

এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছেন।

সবচেয়ে উদ্বেগের বিষয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন সিলেট জেলার সাইফান হোসেন। পাঁচ মাস বয়সী এই শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায়।

অন্যজন তানহা জান্নাত। ১১ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার ওয়াসার এলাকায়।

জেলা ভিত্তিক হিসাবে দেখা যায়, এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট জেলায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬ জন সন্দেহজনক হাম রোগী এবং চারজন নিশ্চিত হাম রোগী। সুনামগঞ্জে মোট মৃত্যু ৫৫ জন সন্দেহজনক ৫৪ জন ও নিশ্চিত একজন। 

হবিগঞ্জে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই সন্দেহজনক হাম রোগী। মৌলভীবাজারে মৃত্যু হয়েছে ১৩ জনের; এর মধ্যে ১২ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ১২৯ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু ছয়জন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad