ওসমানীনগরে প্রাইভেটকার-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৫
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ১৭১৬৬৮) এবং সিলেটগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ১৭০৪৩১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা নারী ও শিশুসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সংবাদ পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, "পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের ওই নির্দিষ্ট স্থানে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটছে। গত ৭ আগস্ট একই উপজেলার কাশিকাপন এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত এবং প্রায় ২২ জন যাত্রী আহত হন। বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটায় সড়ক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিডি/ নীরব
মন্তব্য করুন: