পিজিসিএলেও রদবদল
জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নতুন পরিচালক (ডিরেক্টর) হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের রাজনীতির পরিচিত মুখ মোহাম্মদ বদরুজ্জামান সেলিম। একই সঙ্গে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)-এর পরিচালনা পর্ষদেও আংশিক রদবদল আনা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা) থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে (স্মারক নম্বর: ২৮.০০.০০০.০৫৫.১১.০০০২.২৪.৩১১) এ নির্দেশনা প্রদান করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পর্ষদে নিম্নলিখিত পরিবর্তন কার্যকর থাকবে:
জালালাবাদ গ্যাস (জেজিটিডিএসএল): এই প্রতিষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিস সাবরিনা আফরিন মুস্তফার স্থলাভিষিক্ত করা হয়েছে সিলেটের শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা জনাব মো. বদরুজ্জামান সেলিমকে।
পশ্চিমাঞ্চল গ্যাস (পিজিসিএল): অন্যদিকে, পিজিসিএল-এর পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে স্থান দেওয়া হয়েছে সিনিয়র সহকারী সচিব মিস সাবরিনা আফরিন মুস্তফাকে।
জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক পদে আসা বদরুজ্জামান সেলিম সিলেটের রাজনৈতিক অঙ্গনের এক পরিচিত নাম। রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ইতিপূর্বে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি, বিএনপি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় পরিমণ্ডলে তাঁর এই নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে সিলেটের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
ডিডি/ নীরব
মন্তব্য করুন: