কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত
ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী ও সন্তানসহ কুষ্টিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম দেবাশীষ দত্ত।
তার পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় তার স্ত্রী আফসানা শারমীন ও ছেলে স্বর্ণশীষ দত্তও নিহত হয়েছেন। দেবাশীষ দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।
কুষ্টিয়ায় দেবাশীষের পারিবারিক বন্ধু ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বলছেন, গত ৩ অগাস্ট চিকিৎসার জন্য স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চেন্নাই যান দেবাশীষ। তাদের সঙ্গে কুষ্টিয়ার আরো দুজন গিয়েছিলেন।
সোমবার রাতে চেন্নাই থেকে কলকাতায় এসে একটি হোটেলে উঠেছিলেন তারা। আজ তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু আমরা জানতে পারলাম সেই হোটেলে আগুন লেগে তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে। এ বিষয়ে দৈনিক আজকের পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক (ন্যাশনাল ডেস্ক) সৈয়দ মঈনুল হক বলছেন, দেবাশীষ ছুটি নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাত প্রায় ২টার দিকে নগরীর নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় হোটেল শিখা ইন-এ আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: