সুনামগঞ্জে মেগা শপে চাঁদাবাজি ও কর্মচারীকে জখম, আটক ১

সুনামগঞ্জে মেগা শপে চাঁদাবাজি ও কর্মচারীকে জখম, আটক ১

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৮/২০২৬ ২০:১৬:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ শহরতলীর উকিলপাড়া পয়েন্টে চাঁদা না পেয়ে 'সৈকত মেগা শপ' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে নিজু দাস নামে এক দোকান কর্মচারী রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত চাঁদাবাজ রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, হাসননগর মাদ্রাসা পয়েন্টের অস্থায়ী বাসিন্দা কাদির মিয়ার ছেলে রুবেল মিয়া ঘটনার সময় সৈকত মেগা শপে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দোকানে কর্মরত কর্মচারী শাওন আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু বের করে তাকে আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে সে দোকানের বাইরে গিয়ে ইট দিয়ে সামনের অংশের কাচ ভেঙে ফেলে।

​এ সময় দোকানে থাকা কর্মচারী শাওন আহমেদ, রাজু দাস ও নিজু দাস হামলাকারী রুবেলকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় রুবেলের আঘাতে নিজু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।

​ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সৈকত মেগা শপ-এর মালিক সবুজ চন্দ্র সরকার বলেন, আমি ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছি। দেকানে কর্মরতদের কাছ থেকে জানতে পারলাম হঠাৎ করেই রুবেল দোকানে ঢুকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সে দোকানে ভাঙচুর চালায় এবং কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কর্মচারীরা আহত হয়েছে। আমরা এই চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রীতম দাস / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad