এমসি কলেজে অস্ত্র উদ্ধার: শিবিরের বক্তব্য ‘মিথ্যাচার’ দাবি ছাত্রদলের
এমসি কলেজ ছাত্রাবাসে এক শিবিরকর্মীর কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দেওয়া বক্তব্যকে 'বিভ্রান্তিকর ও মিথ্যাচার' বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরারিচাঁদ (এম.সি) কলেজ শাখা।
সোমবার ( ২ নভেম্বর) এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ ও সাধারণ সম্পাদক জুনেদুরের রহমান জুনেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১০৩ নং কক্ষে রিয়াদ নামের এক শিক্ষার্থী ব্লকের তত্ত্বাবধায়ক স্যারের অনুমতি নিয়ে মানবিক কারণে অতিথি হিসেবে অবস্থান করেন। পরবর্তীতে ১ নভেম্বর ব্লকের তত্ত্বাবধায়ক স্যারের নির্দেশে ওই শিক্ষার্থীকে ১০৬ নং কক্ষে যেতে বলা হয়। পরদিন (২ নভেম্বর) সকালে ওই শিক্ষার্থী ১০৬ নং কক্ষে বিছানাপত্র গোছাতে গেলে বিছানার নিচে দেশীয় অস্ত্র দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ব্লকের সিনিয়র শিক্ষার্থী ও ১০৬ নং রুমের আবাসিক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কলেজ অধ্যক্ষ ও ব্লকের তত্ত্বাবধায়ক স্যারকে বিষয়টি অবহিত করেন। তবে অধ্যক্ষ স্যার ও তত্ত্বাবধায়ক স্যার পরীক্ষার ডিউটিতে থাকায় ডিউটি শেষে রুম পরিদর্শনের কথা ছিল।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি প্রকাশ পাওয়ার পরপরই ওই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজের ঠিক পরপরই ওই রুমে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মজুতকৃত সব অস্ত্র সরিয়ে নেওয়া হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যখন রুমের গ্লাস ভাঙচুর করা হচ্ছিল, তখন ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসানকে ওই রুমের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা এই ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত বহন করে।ছাত্রদলের দাবি, এই ঘটনা প্রকাশের পর থেকেই ১০৬ নং রুমের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রিয়াদকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, প্রথম ব্লকের ১০৬ নং রুমে যার বিছানায় অস্ত্র পাওয়া গেছে, সেই ইসমাইল এমসি কলেজের বর্তমান শিক্ষার্থী নন। কিন্তু শিবিরের রাজনৈতিক পরিচয়ে আধিপত্য বিস্তার করতে তিনি প্রায় ৩ বছর ধরে ওই রুমটি অবৈধভাবে দখল করে রেখেছেন। ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।ছাত্রদলের নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ছাত্রবাস শিক্ষার্থীদের নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জায়গা। সেখানে কোনো কক্ষে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ক্যাম্পাসে অস্ত্রের উপস্থিতি কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয় দিয়ে আড়াল করার সুযোগ নেই।
মুরারিচাঁদ কলেজ ছাত্রদল মনে করে, এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।এমসি কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় ছাত্রদল আপসহীন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে, কোনো ধরনের অস্ত্রের রাজনীতি ও সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বরদাশত করা হবে না।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: