সিলেটে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিলেটের সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে শাকিল আহমদ রাসেল (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা থানার কদমতলী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ লাশটি উদ্ধার করে। সিলেটভ্রমণ
নিহত শাকিল আহমদ রাসেল নওগাঁ সদর থানার সুলতানপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
এর সত্যতা নিশ্চিত করে শনিবার (২২ আগষ্ট) কদমতলি ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান, শাকিল নেশায় আসক্ত ছিলেন। একারণে প্রায়ই তিনি নিখোঁজ হয়ে আবার ফিরে আসতেন। পাঁচ দিন আগে একইভাবে নিখোঁজ হন তিনি। এরপর শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘরে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি শাকিলের বলে শনাক্ত করা হয়।
এসআই মফিজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: