জৈন্তাপুরে ৪ পিকআপভর্তি ভারতীয় জিরা-শাড়ি-বিড়ি জব্দ

জৈন্তাপুরে ৪ পিকআপভর্তি ভারতীয় জিরা-শাড়ি-বিড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৮/০৮/২০২৬ ১৪:১১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্যসহ চারটি পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, শাড়ি ও বিড়ি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপগুলোর চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের আঞ্জা গ্রামে ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য ও যানবাহন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৫০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ৪৩৪ পিস ভারতীয় শাড়ি, যার আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার টাকা এবং ৭ লাখ ১৪ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ২৮ হাজার টাকা।

এ সময় চোরাচালান পণ্য বহনে ব্যবহৃত চারটি EX2 ACE পিকআপও জব্দ করা হয়। এসব গাড়ির আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপগুলোর চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ পলাতক চালক ও চোরাকারবারীদের পরিচয় ও ঠিকানা শনাক্তে কাজ শুরু করেছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও চারটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালক ও চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad